“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

"মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রকে ধারণ করে এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর পথশিশু, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ’ বাংলাদেশ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর মগবাজার, মৌচাক, কাকরাইল ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হয়। দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের শাড়ি ও পাঞ্জাবি বিতরণ শেষে উপস্থিত সকলকে নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি ও মানবসেবক হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনটির বিশেষ বৈশিষ্ট্য হলো, গত ১২ বছর ধরে এটি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের আর্থিক অনুদান গ্রহণ না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনটির সভাপতি জনাব নাসির কাশেমের ব্যক্তিগত অর্থায়ন, সরাসরি দিকনির্দেশনা ও সভাপতিত্বে স্বচ্ছতা ও সততার সঙ্গে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোক্তা রানা বর্তমান বলেন, "নাসির কাশেম ভাই শুরু থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা মানবসেবায় ব্যয় করেছেন এবং নিরলসভাবে করে যাচ্ছেন। অসহায় মানুষের পাশে থাকার জন্য তার যে আকাঙ্ক্ষা, ত্যাগ আর ভালোবাসা—তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।"
উল্লেখ্য, ‘মানুষ’ বাংলাদেশ কেবল ঈদ বা রমজানেই সীমাবদ্ধ নয়; বছরের প্রায় প্রতিটি দিনই রাস্তায় থাকা ভাসমান মানুষের মাঝে উন্নত খাবার, শীতবস্ত্র এবং অভাবী ও অসুস্থ রোগীদের নগদ অর্থ সহায়তাসহ বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে জনাব নাসির কাশেম কেবল মানুষের দোয়াই কামনা করছেন।
আমার বার্তা/এমই
