
দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া। শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সরকারের কার্যক্রম তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে বসানোর পর থেকে মনে হয়েছিল আমরা একটি গাড়িতে বসে সামনের দিকে যাচ্ছি না, পেছনের দিকে যাচ্ছি। তবে সারা দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে যা যা করার তা করা হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রশ্নপত্র আর ফাঁস হয়নি।
তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এআই বেইজড হলে হবে না, নলেজ বেইজড হতে হবে। উই ওয়ান্ট, মিনিংফুল লেখাপড়া যেন বাংলাদেশে হয়।
কারিগরি শিক্ষার উন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে রেপ্লিকা অব চায়না পলিটেকনিক ইনস্টিটিউটের মতো মর্ডানাইজ করবো ছয় মাসের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।
মন্ত্রী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ চলতি বছরে শুরু করা সম্ভব হবে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা প্রসঙ্গে তিনি বলেন, পাকা ইটের সলিং এর রাস্তায় হেঁটে আমার ভালো লাগেনি এর থেকে সবুজ ঘাসে হাঁটলে ভালো লাগতো। এনিওয়ে সেকেন্ড ফেইজের প্রজেক্টে রাস্তাগুলো সলিং হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় না খুব বেশি দেরি হবে। বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস খুবই ছোট। তাই এখানে আরো ৫০ একর দরকার। এ ব্যাপারে আমি বিভাগীয় কমিশনার সাহেবকে বলে গেলাম।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

