
সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাসহ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাড়তি এ সতর্কতার পরও রাতে পুশইনচেষ্টার সময় গুলির ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির তোপের মুখে বিএসএফ সদস্য ও অন্যরা পালিয়ে যান।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান ও নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ সময় সংবাদকে এ তথ্য জানান।
তারা জানান, রোববার (১৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনচেষ্টার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় বিজিবি। এরপর সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ান তারা। গভীর রাতে বিএসএফ সাতক্ষীরা সদর ও কলারোয়ার হাড়দ্দাহ, গাজীপুর, বৈকারী ও হিজলদি, শ্যামনগরের কৈখালী, উত্তর কৈখালী ও পরানপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজনকে পুশইন করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করতে ৩৩ বিজিবি ১২ রাউন্ড ও ১৭ বিজিবি ৯ রাউন্ড গুলি চালালে বিএসএফসহ অন্যরা পালিয়ে যান।
বিজিবির ওই দুই অধিনায়ক জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলিয়ে যাচ্ছে এবং গোয়েন্দা নজরদারিও অব্যাহত রাখা হয়েছে।
রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর পাশাপাশি আমরা থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত তা শনাক্ত করতে সক্ষম হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া যাবে।
সীমান্ত সুরক্ষায় স্থানীয় মানুষের সহযোগিতাকেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিষিদ্ধ, বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত সেটা জানানোর আহ্বান জানায় বিজিবি।

