নারীদের ভ্রমণ কমিউনিটি ‘নারী’ নিয়ে রিজওয়ানা আশার উদ্যোগ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্রমণভিত্তিক প্ল্যাটফর্ম ‘নারী’। এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা খান আশা মনে করেন, ভ্রমণ নারীদের আত্মবিশ্বাস  বাড়াতে এবং নতুন অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘নারী’ মূলত নারীদের জন্য একটি নিরাপদ ভ্রমণ কমিউনিটি। এর মাধ্যমে নারীরা একসঙ্গে ভ্রমণের সুযোগ পান এবং ভ্রমণকে আরও সহজ ও নিরাপদভাবে উপভোগ করতে পারেন। ‘নারীর সঙ্গে ভ্রমণ’ উদ্যোগের আওতায় নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ভ্রমণের আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে একদিনের ভ্রমণ, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ এবং বিদেশ ভ্রমণের ব্যবস্থাও।

এই উদ্যোগের ফলে অনেক নারী নতুন জায়গা ঘুরে দেখার পাশাপাশি নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং আত্মবিশ্বাস অর্জনের সুযোগ পাচ্ছেন। নিরাপদ পরিবেশে ভ্রমণের সুযোগ তৈরি হওয়ায় নারীদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে।

রিজওয়ানা খান আশা বলেন, অনেক নারী ভ্রমণে আগ্রহী থাকলেও নিরাপত্তা বা উপযুক্ত সঙ্গীর অভাবে অনেক সময় ভ্রমণে যেতে পারেন না। ‘নারী’ সেই সমস্যার সমাধান করার জন্য কাজ করছে। এই প্ল্যাটফর্ম নারীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে তারা নিশ্চিন্তে এবং আনন্দের সঙ্গে ভ্রমণ করতে পারেন।

নারীদের ভ্রমণে উৎসাহিত করা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার এই উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সম্প্রতি মিরর গ্রুপ আয়োজিত ‘৬ষ্ঠ বাংলাদেশ উইমেন্স ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভ্রমণ ও পর্যটন ক্যাটাগরিতে সেরা ভ্রমণ সংস্থা হিসেবে সম্মাননা অর্জন করেছেন রিজওয়ানা খান আশা।

এই অর্জনকে তিনি নিজের জন্য অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ‘নারী’ কমিউনিটির সঙ্গে যুক্ত সব নারীর সম্মিলিত অর্জন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও নারীদের জন্য নিরাপদ ও অনুপ্রেরণামূলক ভ্রমণের সুযোগ আরও বিস্তৃত করতে কাজ চালিয়ে যাবেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নারীদের জন্য আরও বেশি ভ্রমণ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

রিজওয়ানা খান আশার বিশ্বাস, নিরাপদ পরিবেশ ও সঠিক উদ্যোগ থাকলে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন। আর সেই লক্ষ্য নিয়েই ‘নারী’ এগিয়ে যাচ্ছে-নারীদের জন্য নিরাপদ, আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচনে।