ববির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি মুন্না খানের
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৮:০৫ | অনলাইন সংস্করণ
মোঃ আবু সাঈদ

চলচ্চিত্র ‘তছনছ’ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক মুন্না খান। সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে নায়িকা ইয়ামিন হক ববি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তছনছ’ সিনেমার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিনেমার পরিচালক, প্রযোজক এবং অন্যান্য শিল্পীরা উপস্থিত থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ অপেক্ষার পরও হাজির হননি নায়িকা ববি। এতে আয়োজকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
সংবাদ সম্মেলনে মুন্না খান দাবি করেন, অনুষ্ঠানের শুরুর কিছুক্ষণ আগেও ববির সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। সে সময় অভিনেত্রী তাকে জানিয়েছিলেন, তিনি অনুষ্ঠানস্থলের পথে রয়েছেন। কিন্তু কয়েক ঘণ্টা অপেক্ষার পরও তিনি না আসায় শেষ পর্যন্ত তাকে ছাড়াই সংবাদ সম্মেলন শুরু করতে হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুন্না খান বলেন, বিষয়টি ইচ্ছাকৃত কি না তা খতিয়ে দেখা হবে। যদি প্রমাণ পাওয়া যায় যে পরিকল্পিতভাবে তিনি অনুষ্ঠান এড়িয়ে গেছেন, তাহলে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন হলে ঈদের পর আদালতে ক্ষতিপূরণ মামলা করার কথাও জানান তিনি।
মুন্না খানের অভিযোগ, ‘তছনছ’ সিনেমায় ববিকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার পারিশ্রমিক ও অন্যান্য পাওনাও যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। উল্টো অভিনেত্রীর কিছু অব্যবস্থাপনার কারণে শুটিংয়ের সময় অতিরিক্ত ব্যয় বেড়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সিনেমার মুক্তির আগে প্রচারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অথচ এমন সময়ে প্রধান অভিনেত্রীর অনুপস্থিতি পুরো টিমকে বিব্রত করেছে।
অন্যদিকে এ বিষয়ে জানতে ইয়ামিন হক ববির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
