হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৩:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার কথা জানান তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা মাত্রই ইরানের সঙ্গে যুদ্ধের একটি দারুণ সমঝোতায় পৌঁছেছি।’

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, চুক্তি সংক্রান্ত প্রতিবেদনগুলো ‘অনুমাননির্ভর’ এবং ‘এখনও কিছুই চূড়ান্ত হয়নি’।

এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে দুই দেশ সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। সবশেষ ঘোষণার কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ব্যাপক হামলা চালায়। জবাবে ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চালায় এবং বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়।

এপ্রিল মাসে যুদ্ধবিরতিতে সম্মত হলেও, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায়শই গোলাগুলি ও হামলা-পাল্টা হামলা চলতে থাকে। চলতি সপ্তাহেও দুই দফা পাল্টাপাল্টি হামলা হয়েছে। একই সময়ে ট্রাম্প বারবার একটি সম্ভাব্য চুক্তির আশাবাদী বার্তা দিয়েছেন। - সূত্র: বিবিসি