
মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) ওরফে বিশ্ব আদালত সম্প্রতি যে রায় ঘোষণা করেছেন—তা বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি এবং আসিয়ানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
সেই সঙ্গে বাস্তুচ্যুত এ বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে মিয়ানমারের সরকারের প্রতি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে কুয়ালালামপুর।
শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “মালয়েশিয়া আইসিজে-এর এই রায়কে সম্মান জানায়, যেখানে বলা হয়েছে যে মিয়ানমার তাদের রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে।”
“এই রায়ের প্রেক্ষিতে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে কুয়ালালামপুর জাতিসংঘ, ওআইসি, আসিয়ানসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সাথে আলোচনা ও কাজ চালিয়ে যাবে।”
গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) আইসিজে রায় দেন যে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
রায়ে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার সুযোগ প্রদান, পুনর্বাসন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সম্ভাবনা রোধে মিয়ানমারের সরকারকে প্রয়োজন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বানও জানিয়েছেন বিশ্ব আদালত।
২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য আরাকানে ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।
সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে বাংলাদেশ, ভারত ও সাগরপথে মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় পালাতে শুরু করেন রোহিঙ্গারা। বাংলাাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে বর্তমানে আশ্রিত অবস্থায় আছেন ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা।
যে মামলার ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন আদালত, সেটি ২০১৯ সালে দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “মালয়েশিয়া এই দীর্ঘস্থায়ী সংকটের একটি সামগ্রিক ও স্থায়ী সমাধানের পক্ষে কাজ চালিয়ে যাবে। এর অংশ হিসেবে, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সক্রিয়ভাবে কাজ করবে।”
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী
৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) আশ্রয় শিবিরগুলোতে মোট ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন।
এছাড়া, অক্টোবর মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আরও ৬ হাজার ২৯৪ জন রোহিঙ্গাকে অভিবাসন আটক কেন্দ্রে (ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার) রাখা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ৪০ হাজার মিয়ানমার নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ান মিয়ানমারের সামরিক নেতাদের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গত ১৮ নভেম্বর মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানিয়েছেন যে, তাঁর প্রশাসন আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে, তবে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান নেতাদের বৈঠকের পরপরই তিনি এই মন্তব্য করেন।
আসিয়ান নেতারা জানিয়েছেন, সংকট সমাধানের জন্য তাদের প্রস্তাবিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে নেইপিদোতে ক্ষমতাসীন সরকার যদি অগ্রগতি অর্জন করে, শুধু সেক্ষেত্রেই আসিয়ান জোটে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

