বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৩:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ও পরিবারের সদস্যদের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক রুবেল হোসেন তাদের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বেলায়েত হোসেনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ আছে কি না, তা যাচাই, পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তিনি, তার স্ত্রী ফারহানা হোসেন, দুই মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতু এবং ছেলে আদনান হোসেন নীপুর দাখিল করা আয়কর নথি খোলার শুরু থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত আয়কর বিবরণী পর্যালোচনা করা আবশ্যক। এজন্য বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের নামীয় আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহ করার জন্য আদালতের আদেশ একান্ত প্রয়োজন।