সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিন রোববার বন্ধ থাকবে আপিল বিভাগের কার্যক্রম

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১২:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) বন্ধ থাকবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (ইনার কোর্ট ইয়ার্ডে) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। এ সময় অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে ওই দিন আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।