ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৮:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে। সোমবার (০৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জোনায়েদ সাকি জোর দিয়ে বলেন, এই প্রবৃদ্ধি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে, যাতে বৈষম্য না বাড়ে। এ লক্ষ্য পূরণে সরকার নতুন প্রশাসনিক ব্যবস্থা ও কৌশলগত কাঠামো গড়ে তুলছে।

তিনি উল্লেখ করেন, এই নতুন কৌশলের বড় লক্ষ্য হলো উন্নয়ন বাজেট যথাযথভাবে বাস্তবায়নের ব্যর্থতা মোকাবিলা করা। দুর্নীতি, অপচয় ও প্রকল্পের সময়সীমা বারবার বাড়ানোর প্রবণতা উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। এ সমস্যা সমাধানে পরিকল্পনা মন্ত্রণালয় চলমান সব প্রকল্পকে সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য করছে, যাতে সেগুলো পরস্পর সংযুক্ত থাকে এবং সুনির্দিষ্ট জাতীয় লক্ষ্য অর্জন করতে পারে।

ভূমি অধিগ্রহণের জটিলতা, কাঠামোগত বাজেট সীমাবদ্ধতা ও কার্যকর তদারকির অভাবের মতো সমস্যাগুলো কাটিয়ে উঠতেও সরকার কাজ করছে বলেও জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, কেন্দ্র থেকে মাঠপর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করে মন্ত্রণালয় সময়মতো ও কম ব্যয়ে প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে। উচ্চমানের প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি ও অপচয় কমাতে নতুন নীতি ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।


আমার বার্তা/এমই