স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) নতুন চেয়ারম্যান এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এভিয়েশন অ্যান্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (এএইউবি) অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।

এদিকে, স্পারসোর বর্তমান চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলামকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করা হয়েছে।


আমার বার্তা/এমই