প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৯:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনাও দেন তিনি।
রোববার (০২ আগস্ট) বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদেরকে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন পর্যটনমন্ত্রী।
এছাড়া কক্সবাজারসহ সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় মানিকগঞ্জে জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠনে নদী ভিত্তিক পর্যটন বিশেষ গুরুত্ব পায়।
বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন সম্পদের সংরক্ষণ, পুনর্বাসন ও পর্যটন উপযোগী করার নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রত্যেকটা স্থানের জন্য সুনির্দিষ্ট পর্যটন থিম নির্ধারণ করে প্রকল্প প্রণয়ন করতে হবে। এছাড়া নতুন পর্যটন স্থানকে কিভাবে স্থানীয় জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্প্রক্ত করা যায়, সেটাকে গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আরো বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তাই সরকারি বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া কর্ণফুলী টানেল ও পদ্মাসেতু সংলগ্ন অতিথিশালাকে সাধারন জনগণের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ অতি দ্রুত নেওয়া হবে।
এসময় মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রমোশনাল ওয়েবসাইট https://beautifulbangladesh.gov.bd/ এর মাধ্যমে দেশের অতুলনীয় সৌন্দর্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানান।
আমার বার্তা/এমই
