অন্যায়কে প্রশ্রয় দিলে সারা দেশে অরাজকতা তৈরি হবে: রুমিন ফারহানা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেয়া প্রসঙ্গে বলেছেন, কোনো আসনে অন্যায় ও উশৃঙ্খল আচরণকে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, বিএনপি যদি সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে করে এবং এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তাহলে দলের জন্য তা শুভ হবে না। বিএনপি ২০৫টি আসন পেয়েছে এভাবে চলতে থাকলে পুরো বাংলাদেশে অরাজকতা তৈরি হতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়ায় তাকে ‘ট্যাগিং’-এর শিকার হতে হয়—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ট্যাগ-ট্যাগে আমার কিছু যায় আসে না।

২১ ফেব্রুয়ারি নিয়ে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “আমাদের দুর্ভাগ্য যে আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে ইতিহাসে আমরা হয় দেবতা, নয়তো ইবলিস এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না।

তিনি আরও বলেন, সরকার এসেছে, সরকার গেছে; কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক।

নিজেকে ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদ-এর মেয়ে পরিচয় দিয়ে তিনি বলেন, পাঠ্যসূচির বইগুলোতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাফে মোহাম্মাদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভুইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুগঞ্জের মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, নাসির মুন্সি প্রমুখ।

আলোচনা সভায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আমার বার্তা/জেএইচ