ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তার অনলাইন

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। নিজস্ব বিশ্বাস ও স্বাধীন সিদ্ধান্তের ভিত্তিতে সম্প্রতি নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে কালেমা শাহাদাত পাঠ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে কালেমা শাহাদাত পাঠ করেন পরিবারের পাঁচ সদস্য। ইসলাম ধর্ম গ্রহণের পর নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের মূল বিধিবিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন মো. আবু মুছা, তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তাদের তিন সন্তান। তারা সবাই ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় ও জীবনব্যবস্থা সম্পর্কে পড়াশোনা ও জানার পর পরিবারের সদস্যদের মধ্যে এ ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে ইসলামের আচার-অনুষ্ঠান ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা নিজেরাই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

নতুন জীবন শুরুর অনুভূতি প্রকাশ করে মোসা. ফাতেমা বিবি বলেন, নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হই। সবকিছু জেনেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী দিনগুলোতে সমাজের সবার সঙ্গে মিলেমিশে একত্রে বসবাস করতে চাই।

এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম গ্রহণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে এ নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। স্থানীয় মুসল্লি ও শুভানুধ্যায়ীরা তাদের নতুন জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও ইসলামি দিকনির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন।

ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং তারা সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ধর্মান্তরিত হওয়ার আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের নিজ পছন্দের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ব্যক্তিগত অনুভূতি ও বিশ্বাসের জায়গা থেকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে কোনো ধরনের আইনি বাধা নেই।