আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। তবে এই সিরিজে মাঠের লড়াইয়ের থেকেও বেশি আলোচনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। সেখানে অধিনায়কের ভূমিকা অনেক বড়।  ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত কুড়ি ওভারের ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পাওয়া লিটন দাস জানালেন, পুরোপুরি স্বাধীনভাবে নিজের মতো দল সাজাতে পারছেন তিনি। 

কয়েকদিন আগেই ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটনের মেয়াদ বাড়িয়ছে বোর্ড। দায়িত্ব পেয়ে প্রথম সিরিজে নিজের কাজের ধরণ ও স্বাধীনতা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি, ‘প্রথমত, আমি অনেক স্বাধীন। আমি আমার মতন করেই টিম গোছাচ্ছি। সঙ্গে সিলেক্টর আছেন, কোচ আছেন; আমাদের সবার প্ল্যানিংয়েই আমরা টিমটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরকারি সিদ্ধান্তে বাংলাদেশের অংশ না নেওয়া ছিল দেশের ক্রিকেটের এক বড় ধাক্কা। তৎকালীন সরকারের সেই সিদ্ধান্তে ক্রিকেটারদের মধ্যে যে অসন্তোষ ছিল, তা এখন অতীত। সেই ধাক্কা কাটিয়ে ক্রিকেটাররা এখন পুরোপুরি খেলায় মনোযোগ দিচ্ছেন। লিটনও নিশ্চিত করলেন যে দল সেই পরিস্থিতি থেকে ‘মুভ অন’ করেছে। এখন লক্ষ্য ২০২৮ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। এই দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে লিটনের ভাষ্য, ‘জিনিসটা হচ্ছে যে ২০২৮-এর যে আমাদের মেইন গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তাভাবনা করব। চেষ্টা করব (পুরোনো) বন্ডিংটা যেন এই টিমে ভালো করে ধরে রাখা হয়।’

বিশ্বকাপ না খেলায় মাঝে গ্যাপ পড়ে গিয়েছে। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরলেও ক্রিকেটারদের ওপর বাড়তি কোনো চাপ তৈরি করতে চান না অধিনায়ক। এই বছর ব্যাক-টু-ব্যাক নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি, ‘প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না। খেলুক, দুই-একটা গেম খেললে যে যার জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে। এই বছরের নয়টা টি-টোয়েন্টিই ভালো টিমের সঙ্গে, এটা একটা পজিটিভ সাইন।’

সোমবার দুপুর ২টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট.লে মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। বুধবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ মিরপুরে হবে ২ মে। 


আমার বার্তা/এমই