লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও মাদ্রিদ এফসি। স্প্যানিশ রাজধানীতে মাদ্রিদ এফসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল বার্সেলোনা। পরে এই মাদ্রিদ এফসি পরিবর্তিত হয়ে রিয়াল মাদ্রিদ নামধারণ করে। ফুটবলে এই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস ১২৪ বছরের পুরোনো। এখন এই দুই দলের লড়াই মানেই তুমুল উত্তেজনা, যার আরেক নাম ‘এল ক্লাসিকো’।

এই দীর্ঘ সময়ে রিয়াল ও বার্সেলোনার মধ্যে খেলা হয়েছে ২৬১ ম্যাচ। রিয়াল জিতেছে ১০৬ ম্যাচ, বার্সা ১০৫টি। লা লিগার দীর্ঘ ৯৭ বছরের ইতিহাসে  দুই দল খেলেছে ১৯১ ম্যাচ। রিয়াল ও বার্সার জয় যথাক্রমে ৮০ ও ৭৬। চলতি লিগ মৌসুমে প্রথম দেখায় রিয়াল ২-১ গোলে জিতেছিল। আর সবশেষ ক্লাসিকোতে জেতে বার্সা, স্প্যানিশ কাপ ফাইনালে তারা রিয়ালকে হারায় ৩-২ গোলে।

ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়েই মাদ্রিদ ক্লাবের মুখোমুখি হবে বার্সা। তবে একটি অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে এদিন। এর আগে কখনো এমন হয়নি যে,  এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার কোনো ম্যাচ চলাকালে সরাসরি লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে।

আগে অনেকবার ক্লাসিকো ম্যাচের ফলের ওপর শিরোপার ভাগ্য নির্ভর করলেও মাঠেই এই দুই দলের খেলা চলাকালে গাণিতিকভাবে শিরোপা জয় নিশ্চিত হওয়ার ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে।

বর্তমানে বার্সেলোনা পয়েন্ট টেবিলে ১১ পয়েন্টে এগিয়ে আছে। এই ম্যাচে বার্সেলোনা যদি ড্র করতে পারে, তবে হাতে থাকা বাকি ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন, রিয়াল আর তাদের টপকাতে পারবে না। অর্থাৎ, মাঠেই বার্সা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে। আর চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নিজেদের মাঠে খেলে শিরোপা জেতা তাদের জন্য নিঃসন্দেহে গৌরবের ব্যাপার হবে। বার্সার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং বললেন সেই কথা, ‘এবারের এল ক্লাসিকো বিশেষ। কারণ আমরা লা লিগা ট্রফি জিততে পারি।’