
রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদার দাবিতে গুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৯ এপ্রিল) রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার হয় বলে জানান র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।
গ্রেপ্তাররা হলেন- রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)।
র্যাব জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কাফরুলে এ কে এম এ্যাপারেলস গার্মেন্টস কারখানায় ১২-১৩ জন মিলে প্রবেশ করে প্রতিষ্ঠানের মালিক কামরুলের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন।
এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে দুইজন পিস্তল বের করে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে তার অফিসের লকার ভাঙচুর করে এবং ৩ দিনের মধ্যে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়।
তারা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করেন কামরুল। এর প্রেক্ষিতে অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করে র্যাব-৪।
এ বিষয়ে জানাতে মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে র্যাব-৪’র কর্মকর্তা কে. এন. রায় নিয়তি বলেন, "সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ৪ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রানা ঘটনার পরিকল্পনাকারী জানিয়ে তিনি বলেন, ঘটনার আগেই রানা গার্মেন্টসে যায় এবং আশপাশের নিরাপত্তা সম্পর্কে ধারণা নেয়। রানা ধারণা করেছিল এখানে ভয়ভীতি দেখালে মোটা অংকের টাকা আদায় করা যাবে। পরে রানাসহ অন্যান্যরা অস্ত্রসহ গার্মেন্টসের মালিকের রুমে গিয়ে কোটি টাকা চাঁদা দাবি করে।
গ্রেপ্তাররা মিরপুর, কাফরুল থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা নিয়তি বলেন, আসামি প্রতিনিয়ত ছিনতাই, চুরি, চাঁদাবাজির সঙ্গে জড়িত। গুলি করা অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অভিযান এখনো অব্যাহত আছে। এখনই তদন্তের স্বার্থে বা অভিযানের স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না।

