
শিল্প নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে শিল্প নিরাপত্তা বিষয়ক আঞ্চলিক প্রশিক্ষণ কোর্স। সোমবার (২৯ জুন) চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত গ্লোবাল পোর্টস সেফটি যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত মূল বক্তব্য উপস্থাপন করেন।
প্রশিক্ষণে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী বক্তব্যে কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর ভবিষ্যতেও নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকারের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে শিল্প ঝুঁকি মোকাবিলা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে আধুনিক কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল ও গ্যাস কার্যক্রম এবং রাসায়নিক সংরক্ষণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি মোকাবিলার কৌশল শেখানো হবে।
প্রশিক্ষণের আওতায় ইউরোপীয় কমিশনের এডাম সফটওয়্যার এবং ইনেরিসের প্রাইমারিস্ক প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় ধরনের দুর্ঘটনা পরিস্থিতি বিশ্লেষণ, ঝুঁকি নিরূপণ ও নিরাপদ দূরত্ব নির্ধারণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া, স্থানীয় তেল টার্মিনাল ও ডিপো পরিদর্শনের মাধ্যমে বাস্তব ঝুঁকি শনাক্তকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর নিরাপত্তা পরিকল্পনা তৈরির বিষয়ে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা অর্জন করবেন।
প্রশিক্ষণে বৈশ্বিকভাবে সমন্বিত ব্যবস্থা, জাতিসংঘের রেগুলেশন মডেল এবং আন্তর্জাতিক মেরিটাইম বিপজ্জনক পণ্যবিষয়ক বিধিমালা নিয়েও আলোচনা করা হবে।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণ জরুরি পরিস্থিতি মোকাবিলা, শিল্প দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং বন্দর নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মো. আবদুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর সাঈদ ইমাম।
আমার বার্তা/এমই

