
ভোলার চরফ্যাশনে একটি ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা। এ সময় মায়া নদীর এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দ করা বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

