
কুয়েতে অবস্থিত দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্য নষ্ট করে দ্রুত সময়ের মধ্যে কর্মীদের দূতাবাস খালি করার কথা জানিয়েছে তারা। বিবিসির যুক্তরাষ্ট্রের পার্টনার সিবিএস এ তথ্য জানিয়েছে।
দু’জন মার্কিন কর্মকর্তা সিবিএসকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে দূতাবাস খালি করার কাজ সম্পন্ন করা হবে। দূতাবাসের কর্মীদের সেখানে থাকা তথ্য নষ্ট করা ও গোপন সার্ভারের ডেটা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
নিজেদের আকাশসীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে, কুয়েত সেনাবাহিনীর এমন দাবির পরই কর্মীদের দূতাবাস খালি করার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।
কুয়েত সেনাবাহিনীর মুখপাত্র সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, “ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সেটির কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে, যার কারণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেনি।”
এদিকে, বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন, রাজধানী মানামার দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু করেছিলো তারা। এক্সে এক পোস্টে তিনি লেখেন, “হামলায় বস্তুগত ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”
চলতি সপ্তাহের শুরুর দিকে বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিলো ইরান।
আমার বার্তা/এমই

