
স্পেনকে গোল করতে না দিয়ে বীরত্বপূর্ণ ড্রয়ের পর আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিয়েছে নবাগত কেপ ভার্দে। এবার তাদের লড়াই আরও নাটকীয়, আরও চোখ ধাঁধানো। ম্যাচে এগিয়ে গিয়ে পরে সমতায় আসা ও এক পর্যায়ে পিছিয়ে পড়েও পরে পয়েন্ট আদায় করেছে তারা।
রোববার মায়ামিতে উরুগুয়ের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে কেপ ভার্দে। তাতে এমনকি পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও জিইয়ে রাখল তারা।
ম্যাচের ২১ মিনিটে কেভিন পিনার ফ্রি-কিক থেকে করা গোলে কেপ ভার্দে আকস্মিকভাবে এগিয়ে যায়। এটি ছিল বিশ্বকাপে তাদের প্রথম গোল। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে উরুগুয়ে মাক্সিমিলিয়ানো আরাউহো ও অগুস্তিন কানোবিওর গোলে ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয়।
কিন্তু ম্যাচের ৬০ মিনিটের মাথায় উরুগুয়ের ৪০ বছর বয়সী গোলরক্ষক ফের্নান্দো মুসলেরার একটি মারাত্মক ভুলের সুযোগ নিয়ে হেলিও ভ্যারেলা কেপ ভার্দের হয়ে সমতাসূচক গোলটি করেন। এরপর আর কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি।
গ্রুপ ‘এইচ’-এ দ্বিতীয় পয়েন্ট তুলে নিয়ে কেপ ভার্দে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল। আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রটি আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে, শেষ ম্যাচে জয় পেলেই কেপ ভার্দের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হবে।
অন্যদিকে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের পরের রাউন্ডে যাওয়ার পথ এখন বেশ কঠিন হয়ে পড়েছে। সৌদি আরবের সঙ্গে ১-১ ড্রয়ের পর এবারও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া এড়াতে লাতিন আমেরিকার দলটিকে আগামী সপ্তাহে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে জয় পেতেই হবে।
আমার বার্তা /জেএইচ

