
আগামী ২৫ জুলাই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে অনুষ্ঠিত হবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইশতেহার, অতীতের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছে আটাব গণতান্ত্রিক ঐক্যজোট।
বৃহস্পতিবার রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ‘টিকিট সিন্ডিকেটমুক্ত ও সকল আটাব সদস্যের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্যানেলের নেতারা তাদের নির্বাচনী অঙ্গীকার, কর্মপরিকল্পনা এবং ট্রাভেল খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
সভায় জানানো হয়, এবারের নির্বাচনে প্যানেল প্রধান ও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটাবের চারবারের নির্বাচিত সাবেক সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব)। মহাসচিব পদে মোহাম্মদ জুমান চৌধুরী (এলহাম ট্রাভেল কর্পোরেশন), সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন টিপু (টেলন কর্পোরেশন লিমিটেড) এবং যুগ্ম মহাসচিব পদে সবুজ মুন্সী (নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বক্তারা দাবি করেন, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এস. এন. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বাধীন কমিটি আটাব সদস্যদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সময় ভ্যাট ও কর-সংক্রান্ত জটিলতা নিরসন, আইএটিএ-সংক্রান্ত সুবিধা নিশ্চিতকরণ, কমিশন ও বিভিন্ন ফি আদায়, সদস্যদের সনদ প্রদান, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, আইনি সংস্কার, অনলাইন ও ডিজিটাল অটোমেশন, ব্যবসায়িক অধিকার রক্ষা, অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ এবং হজ ও ওমরাহ এজেন্সিসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।
‘সৎ ও স্বচ্ছ নেতৃত্ব সমৃদ্ধ করবে ট্রাভেল খাত, অসৎ ও দুর্নীতিযুক্ত নেতৃত্ব নিপাত যাক’—এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী দিনে সদস্যবান্ধব, জবাবদিহিমূলক ও আধুনিক আটাব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গণতান্ত্রিক ঐক্যজোট।
সভায় প্যানেল প্রধান ও সভাপতি পদপ্রার্থী এস. এন. মঞ্জুর মোর্শেদ (মাহবুব) বলেন, অতীতের মতো এবারও অভিজ্ঞ, সৎ ও উদ্যোগী ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী প্যানেল নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছেন। আটাবের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, ট্রাভেল এজেন্টদের ব্যবসায়িক অধিকার সুরক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৫ জুলাই পূর্ণ প্যানেলে ভোট দিয়ে সদস্যদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
সহ-সভাপতি পদপ্রার্থী মো. জালাল উদ্দিন টিপু বলেন, নির্বাচিত হলে সদস্য ফি যৌক্তিক করা, টিকিট সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করা, সুস্থ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব আটাব প্রতিষ্ঠায় তাদের প্যানেল নিরলসভাবে কাজ করবে।
আমার বার্তা/এমই

