
হামজা-সামিতদের কোচ কে হচ্ছেন এ নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছে জল্পনা-কল্পনা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান অধ্যায় সমাপ্ত করেছে বাফুফে। এখন অন্য বিকল্প নিয়ে কাজ করছে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নানা সূত্রের খবর, সাবেক আমেরিকান ফুটবলার টমাস ঢুলি হচ্ছেন হামজাদের কোচ। চুক্তি কার্যক্রম প্রায় শেষের দিকে যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাফুফে।
কোচের নাম প্রকাশে দীর্ঘসূত্রিতা ও হাই প্রোফাইল কোচ কোলম্যান, স্টোকসের পরিবর্তে ঢুলি কেন এজন্য সমর্থকরা গতকালের মতো আজও বাফুফে ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বাংলাদেশের ফুটবল থেকে সিন্ডিকেট নিপাত যাক এই ধরনের স্লোগানও দিচ্ছেন। কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকা ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সমালোচনাও করেছেন সমর্থকরা।
আজ স্লোগান ও আন্দোলনের এক পর্যায়ে সমর্থক রাফি ইকবাল বলেন, 'যেখানে ক্রীড়া মন্ত্রণালয় আর্থিক সাহায্য দিতে চেয়েছে এরপরও ঢুলির মতো স্বল্প বাজেটের কোচ কেন? আরো বেশি বাজেট দিয়ে ভালো মানের কোচ আনুক। ফেডারেশন পয়সা না দিতে পারলে আমরা মানুষের কাছ থেকে এনে পয়সা দেব বাংলাদেশের ফুটবলের জন্য।'
বাংলাদেশে গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় কোচিং করিয়েছেন বৃটিশ কোচ জেমি ডে ও স্পেনিশ হ্যাভিয়ের ক্যাবরেরা। এদের জাতীয় দল তো দূরের কথা শীর্ষ পর্যায়ের লিগের কোনো দলের হেড কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা ছিল না। সেই জায়গায় টমাস ঢুলি ফিলিপাইনকে এশিয়া কাপে উঠিয়েছেন, ক্লাব পর্যায়েও ভালো ফলাফল রয়েছে তার। অন্য দিকে খেলোয়াড় হিসেবে তিনি টানা দুই বিশ্বকাপ খেলেছেন এবং আমেরিকার অধিনায়কত্ব করেছেন ১৯৯৮ বিশ্বকাপে। বাংলাদেশের প্রেক্ষাপটে ঢুলিকে বাফুফের কাছে গ্রহণযোগ্য মনে হলেও সমর্থকদের প্রশ্ন, 'বাফুফে কোচ নিয়োগ প্রক্রিয়ায় একবার বলেছিল ৬০ বছর বয়সের বেশি তারা বিবেচনা করবে না। ঢুলির বয়স তো ৬৫ বছর। আর ঢুলি গায়ানায় ৮ হাজার ডলারে কাজ করেছে বাংলাদেশে আরেকটু বেশি টাকায় আসতে পারে। কোচের জন্য বাজেট অনেক বেশি বাকি টাকা, সেটা কোথায় খরচ করবে?' বলেন মেহেদী হাসান অভি।
বিভিন্ন সূত্রের খবর, আগামীকালই টমাস ঢুলির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাফুফে। টমাস ঢুলিকে কোচ হিসেবে মেনে নিতে চাইছেন না সমর্থকদের অনেকে। তারা সামনে ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন এই ইস্যুতে বলেও জানান।
আমার বার্তা/এমই

