
ইংলিশ প্রিমিয়ার লিগের কিংবদন্তিতে পরিণত হওয়া মোহামেদ সালাহ লিভারপুলের সঙ্গে ৯ বছরের অধ্যায়ে ইতি টানার ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই তিনি ছাড়বেন অ্যানফিল্ডের ক্লাবটি। তার পরবর্তী গন্তব্য কোথায় সেটাই এখন আলোচনার বিষয়। সালাহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাবের পাশাপাশি সৌদি আরব এবং আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার প্রস্তাব পেয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে তাকে সতর্ক করেছেন মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান।
সম্প্রতি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মার্কিন লিগে দেখতে ইচ্ছা প্রকাশ করেছেন এমএলএসের কমিশনার ডন গারবার। যদিও সেখানকার কোন ক্লাব তাকে পাওয়ার দৌড়ে নেমেছে সেটি স্পষ্ট নয়। এমএলএস কমিশনারের আগ্রহ দেখে নিজের অবস্থান জানালেন মিশরীয় ফুটবল কর্মকর্তা। জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান বলছেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই তিনি ইউরোপেই থাকুক। আমি শুনেছি পিএসজি, বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান ক্লাব প্রস্তাব দিয়েছে তাকে।’
‘মেজর লিগে যোগদান? এমনটা করলে তিনি স্পটলাইটের অনেক বাইরে চলে যাবেন। মেসির চেয়ে বেশি সালাহকে নিশ্চয়ই আপনি স্মরণ করতে চাইবেন না, এমকি আমি তাকে (ইন্টার মায়ামিতে মেসির খেলা) দেখার চেষ্টাও করি না’, আরও যোগ করেন সালাহ’র দেশের এই ফুটবল কর্মকর্তা। ইউরোপীয় কোনো ক্লাব না হলে সৌদি ফুটবলকে বেছে নেওয়া উপযুক্ত বলে মনে করেন ইব্রাহীম হাসান।
সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদো’র খেলার উদাহরণ টেনে তিনি বলেন, ‘যদি তিনি ইউরোপের প্রস্তাব গ্রহণ না করেন, তাহলে সৌদি লিগে যোগ দেওয়া হবে ভালো অপশন। বিশেষ করে ক্রিশ্চিয়ানোর মতো বড় নাম সেখানে খেলছে।’
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে যোগ দেওয়ার পর গত ৯ মৌসুমে লিভারপুলকে শুধু ট্রফিই জেতাননি, বরং নিজেকে প্রিমিয়ার লিগের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সালাহ। সালাহর বর্তমান যে বাজারমূল্য এবং বেতন চাহিদা, তা মেটানোর ক্ষমতা ইউরোপের খুব কম ক্লাবেরই আছে। সৌদি ক্লাবগুলো তাকে অবিশ্বাস্য বেতন দেওয়ার প্রস্তাব দিয়ে রেখেছে।
সালাহ এই মুহূর্তে চোট থেকে ফেরার লড়াই চালাচ্ছেন। যে কারণে উত্তর আমেরিকায় আসন্ন ফুটবল বিশ্বাকপের প্রস্তুতিতে মিশরের চলমান অনুশীলনও মিস করছেন এই লিভারপুল তারকা। গত শুক্রবার ফিফা প্রীতি ম্যাচে জেদ্দায় সৌদি আরবের মুখোমুখি হয়েছিল সালাহহীন মিশর। যেখানে তারা ৪-০ ব্যবধানে বড় জয় পায়। এরপর আগামীকাল ১ এপ্রিল বার্সেলোনায় স্পেনের মুখোমুখি হবে মিশর। আসন্ন বিশ্বকাপে তারা ‘জি’ গ্রুপে পড়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের সঙ্গে।

