
নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন দুই মাস ধরে ভুয়া পরিচয়ে আত্মগোপনে ছিলেন লক্ষ্মীপুরের রায়পুরে। স্থানীয়দের হাতে আটকের পর নিজের পরিচয় গোপন করে সাইফুল ইসলাম সুজন নামে পরিচয় দেন তিনি। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। পরে তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে ধাওয়া করেন। এ সময় পালানোর চেষ্টা করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন। তবে রায়পুর থানায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তার প্রকৃত পরিচয় জানা যায়। তিনি নিউ জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি বোমারু মামুন নামে পরিচিত।
রোববার রাতে (২২ নভেম্বর) রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন জানান, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান বোমারু মামুন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরতে গেলে তিনি তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাৎক্ষণিকভাবে পাওয়া অপরাধের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়।
ওসি নিজামুদ্দিন বলেন, আটকের পর তিনি পুলিশকে ভুল নাম-ঠিকানা দেন। পরে গত ১৫ নভেম্বর অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহযোগিতায় তার প্রকৃত পরিচয় জানা যায়। তার আসল নাম মামুন, তিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত। পরিচয় গোপন রাখতে তিনি কাল্পনিক নাম ব্যবহার করেছিলেন বলে স্বীকার করেছেন।
তিনি জানান, গত ৯ নভেম্বর মামুনের ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ। ওই বাসার একটি কক্ষে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরদিন বাসার পেছনে একটি গর্ত থেকে দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা করে ছোট-বড় মিলিয়ে প্রায় ১১টি আইইডি শনাক্ত করেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের প্রায় দেড় থেকে দুই মাস আগে ভুয়া পরিচয়ে ওই বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে তারা জানিয়েছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করবেন।
উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা রায়পুরে যান। তারা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। মামুনকে বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অন্য মামলাও থাকায় তাকে এসআরইউর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ওসি নিজামুদ্দিন আরও বলেন, মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দফায় দফায় রিমান্ড শেষে বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে আছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় তার সঙ্গে আরও সহযোগী থাকতে পারে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।
বোমা হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার বয়স ছিল ২১ বছর। রাজধানীর পান্থপথে হোটেল অলিওতে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তখন পুলিশ জানিয়েছিল, মামুন নিউ জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। হোটেল অলিওতে হামলায় ব্যবহৃত বোমা তৈরিতেও তার সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
এসব ঘটনার মধ্যে রয়েছে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ। এ ছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক ব্যক্তি। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগে বোমা পাওয়া যায়।
গত জুলাইয়ে আরও দুটি ঘটনায় তাদের সংশ্লিষ্টতা সন্দেহ করছেন তদন্তকারীরা। এর একটি ছিল হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রার রুটে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকিয়ে রাখা পাইপবোমা। অন্যটি আশুলিয়ার চরাবাগ এলাকায় একটি চায়ের দোকানে পাওয়া প্রেসারকুকার বোমা।
ডিএমপির এসআরইউ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মামুনকে আরিফের পরামর্শদাতা বা মেন্টর হিসেবে শনাক্ত করেছেন তদন্তকারীরা। গত আগস্টে সাভার থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আরিফকে গ্রেপ্তার করা হয়।
যোগাযোগ করা হলে এসআরইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মামুনকে গ্রেপ্তারের বিষয়টি তারা জেনেছেন। বর্তমানে মামুন রায়পুর থানার মামলায় কারাগারে রয়েছেন। তবে শিগগিরই তাকে রিমান্ডে আনবে এসআরইউ। ঢাকাসহ সাভার ও আশুলিয়ায় বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

