
সর্বশেষ পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষে সাকিবের দেশে ফেরা নিয়ে দোলাচল অব্যাহত আছে।
সাকিব অবশ্য জানিয়েছিলেন এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার ইচ্ছার কথা। এবার টাইগার অলরাউন্ডারকে নিয়ে বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন কথা বলেছেন।
আজ বাশার বলেন, ‘আমার মনে হয় সাকিবের এখনও ২ বছর খেলার বাকি। সাকিব প্রস্তুত হয়েই দলে আসবে আসলে। সাকিবের সার্ভিস পেলে দল উপকৃত হবে যদি আসে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না, এটা ইমোশনের জায়গা না। সাকিবের সার্ভিস পেলে লম্বা সময়ের জন্যই চাইবো।’
বিসিবির নজর এখন বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা, তাই মূল স্কোয়াডের বাইরেও একটা গ্রুপ তৈরি রাখার কথা উল্লেখ করেছেন বাশার, ‘ফোকাস থাকবে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা, অনেক খেলা। খারাপ দিয়ে খারাপ রিপ্লেস না করে, সবাই যাতে ভালো করে। যে ১৫ জন আছে তার বাইরে একটা গ্রুপ রেডি করতে হবে।’
আমার বার্তা/এমই

