
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ষষ্ট ধাপের হামলা শুরু করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে তারা। পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় আইডিএফের কমান্ড সদর দপ্তরেও হামলা করেছে তারা।
এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত।’ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারসে প্রকাশিত এক বিবৃতিতে এমনটা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও মানবতার হত্যাকারীদের হাতে খামেনির শাহাদাত বরণের ঘটনা এটাই প্রমাণ করে, এই মহান নেতার বৈধতা এবং তার আন্তরিক সেবাগুলো স্বীকৃত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না।’ দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় আইআরজিসি অটল থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হামলায় খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’
এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার স্মরণে ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

